← Writing

Play Store Production Access কীভাবে পাবেন?

May 30, 2026 by Samith Chowdhury PlayStore
Play Store Production Access কীভাবে পাবেন?

পরিচিতি

আমি Android ডেভেলপমেন্ট স্পেসে আছি আজ প্রায় ৫+ বছর ধরে। তবুও কখনও নিজের Play Store Console অ্যাকাউন্ট খোলা হয়নি। এর মূল কারণ ছিল কোম্পানি আর ক্লায়েন্টদের জন্য বেশি কাজ করেছি, তারা সবসময় Business Console এর অ্যাক্সেস দিয়েছে, তাই নিজের অ্যাকাউন্ট খোলার চিন্তা কোনোদিন মাথায়ই আসেনি।

এইবার একটু ফ্রি টাইম পেয়ে ভাবলাম কিছু অ্যাপ নিজে থেকেই Play Store এ পাবলিশ করবো। অ্যাপের আইডিয়া আগে থেকেই ছিল, তাই ডেভেলপমেন্টে তেমন সময় লাগেনি। AI এর সাহায্যে এখন অনেক কিছু আরও দ্রুত করা যায়, সেটাও কাজে লেগেছে।

অ্যাপ বানানোর পরেই পড়লাম আসল সমস্যায় 😅

Console অ্যাকাউন্ট খুলে ভেরিফাই করলাম, এরপর যখন অ্যাপ পাবলিশ করতে যাব দেখি Google Play Store প্রোডাকশন অ্যাক্সেস ব্লক করে রেখেছে। বলছে আগে Closed Testing করতে হবে, নাহলে পাব না। এটা দেখে সত্যিই একটু অবাক হলাম, নিজেকে অনেক backdated মনে হচ্ছিল। যদিও Google এই নিয়ম অনেক আগেই চালু করেছে, কিন্তু যেহেতু এতদিন কোম্পানির অ্যাকাউন্টে কাজ করেছি এই সমস্যায় কখনও সামনে পড়েনি।

যাইহোক, এখন বলছি আমি আমার অ্যাপ পাবলিশ করার জন্য কী করলাম আর আপনি যদি আমার মতো একা অ্যাপ পাবলিশ করতে চান, তাহলে কী করা উচিত।


Finance অ্যাপ হলে একটু বেশি সতর্ক থাকতে হয়

আমার অ্যাপের নাম Lenden: MFS Finance Tracker, এটা Finance আর Productivity দুই ক্যাটাগরিতে পড়ে। Finance ক্যাটাগরিতে Google একটু বেশি সিরিয়াস। মানে হলো আপনার সব তথ্য একদম পরিষ্কার থাকতে হবে, কোনো ফাঁকি রাখার সুযোগ নেই।

Privacy Policy একটা আলাদা পেজে রাখতে হবে, সত্যিকারের লিংকসহ, Dummy link দিলে সমস্যা হতে পারে। GitHub Pages বা আরও অনেক বিকল্প রয়েছে যা সহজেই করা যায়।

Data Safety সেকশনে সততার সাথে সব ঘোষণা (declare) করতে হবে, আপনি কোন তথ্য নিচ্ছেন, কেনো নিচ্ছেন, কোথায় পাঠাচ্ছেন। আমি যা দরকার ছিল না সেই permission রাখিনি। যত বেশি permission তত বেশি প্রশ্ন, এটা মাথায় রাখবেন।

অ্যাপের বিবরণে Finance disclaimer স্পষ্টভাবে লিখেছিলাম যে এই অ্যাপ কোনো আর্থিক পরামর্শ দেয় না। Finance অ্যাপে এটা না থাকলে Google প্রশ্ন তুলতে পারে।


সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল Tester খোঁজা

Google এর নিয়ম হলো কমপক্ষে ১২ জন Tester এবং কমপক্ষে ১৪ দিন Closed Testing করতে হবে। শুনতে সহজ মনে হয়, কিন্তু আসল কথা হলো শুধু Tester থাকলেই হয় না, তাদের অ্যাপ আসলেই খুলতেও হবে। Google দেখে না কতজন install করেছে, দেখে কতজন অ্যাপটি ব্যবহার করছে।

আমি যেভাবে Tester জোগাড় করেছিলাম।

Reddit সার্চ

Reddit এ খোঁজাখুঁজি করতে গিয়ে Tester Community নামের একটা অ্যাপের খোঁজ পেলাম। এই অ্যাপে ১৬ জনের একটা দল তৈরি হয়, দলে আপনি আর বাকি ১৫ জন ডেভেলপার থাকবে। নিয়ম হলো বাকি ১৫ জন আপনার অ্যাপ ১৬ দিন খুলবে, আর আপনি তাদের ১৫টি অ্যাপ ১৬ দিন খুলবেন, আমার মতে এটা বেশ ভালো একটা ব্যবস্থা।

কিন্তু বাস্তবতা হলো এই ১৫ জনের মধ্যে কেউ Emulatorএ অ্যাপ চালায়, কেউ দুইদিন পরে ছেড়ে দেয়, কেউ হয়তো আপনার অ্যাপ ঠিক ভাবে খোলেই না। তাই এই দলের উপর সম্পূর্ণ নির্ভর করা ঠিক হবে না। তবে এটাও বলব না যে এদের এদের দরকার নেই, Tester এর সংখ্যা পূরণ করতে এরা কাজে লাগে।

পরিবার আর বন্ধুরাই সবচেয়ে বেশি কাজে আসে

আমার পরিবার আর কাছের বন্ধুদের মধ্যে ৪ থেকে ৬ জনকে বলেছিলাম প্রতি দুই-তিন দিনে অ্যাপটা একটু খুলতে। এরা সত্যিকারের মানুষ, সত্যিকারের ডিভাইসে, সত্যিকারের ব্যবহারকারী। এই ছোট দলটার কাছ থেকে যে engagement এসেছে সেটাই Google এর কাছে সবচেয়ে মূল্যবান ছিল।

💡 15 জন Tester যারা অ্যাপ খোলে না, তারা ৫ জন পরিবার/বন্ধুবান্ধব চেয়ে কম কার্যকর। সংখ্যার চেয়ে ব্যবহার বেশি জরুরি।

১৪ দিনে কী কী করলাম

একটা জিনিস আগে বলে নিই যেটা অনেকে জানেন না। ১৪ দিনের গণনা Closed Testing শুরু করার দিন থেকে শুরু হয় না। শুরু হয় যেদিন থেকে কমপক্ষে ১২ জন Tester opted-in থাকে সেই দিন থেকে। মানে ১২ জন না হওয়া পর্যন্ত ঘড়ি চলছে না। এই বিষয়টা না জানলে অনেক সময় নষ্ট হয়ে যেতে পারে।

এখন আসল কথায় আসি, শুধু Tester জোগাড় করে বসে থাকলেই কাজ হবে না। ১৪ দিন পরে Production এর জন্য আবেদন করলে Google কিছু প্রশ্ন করবে যেমন আপনার testing প্রক্রিয়া কেমন ছিল, অ্যাপের মান নিয়ে আপনি কতটা সিরিয়াস, ভবিষ্যতে ব্যবহারকারীদের জন্য আপনার পরিকল্পনা কী?…. শুধু প্রশ্নের উত্তর দিলেই হবে না, সেই উত্তর যেন Consoleএর কার্যকলাপের সাথে মিলে। আপনি যদি বলেন "নিয়মিত আপডেট দিয়েছি" কিন্তু Console এ পুরো ১৪ দিনে একটাও আপডেট না থাকে, সেটা Google কোনোদিনও অ্যাপ্রুভ করবে নাহ।

আমি প্রতিদিন অন্তত এক থেকে দুই ঘণ্টা অ্যাপটা নিজে ব্যবহার করেছি, বাগ খুঁজেছি, অন্যদের কাছ থেকে মতামত নিয়েছি। যখনই সমস্যা পেয়েছি ঠিক করে আপডেট দিয়েছি, এইভাবে ১৪ দিনে মোট তিনটা আপডেট দিয়েছিলাম।

এই আপডেটগুলো Google কে বলে দেয় যে আমি শুধু অ্যাপ পাবলিশ করে চলে যাওয়ার ধরনের ডেভেলপার না, আমি অ্যাপের সাথে আছি, ব্যবহারকারীদের নিয়ে ভাবছি। এই commitment দেখানো না গেলে ১৪ দিন শেষ হওয়ার পরেও approval নাও আসতে পারে সুতরাং এটা খুবই জরুরী।

১৪ দিন পূর্ণ হওয়ার পর Production এর জন্য আবেদন করলাম এবং প্রথমবারেই অনুমোদন পেলাম 🎉


যা করেছিলাম, যা করিনি

Tester Community এর উপর পুরোপুরি ভরসা করিনি, এটা সংখ্যা পূরণের জন্য ভালো, কিন্তু engagement এর নিশ্চয়তা নেই। তাই পাশাপাশি পরিবার আর বন্ধুদের দিয়ে নিশ্চিত বাবহারকারী তৈরি করেছিলাম, দুইটা মিলিয়েই কাজ হয়েছে।

১৪ দিনের মধ্যে তিনটা আপডেট দিয়েছিলাম। শুধু বাগ ঠিক করার জন্য না, Google কে দেখানোর জন্যও যে আমি সক্রিয় আছি, Production আবেদনের পরে Google যে প্রশ্নগুলো করে, সেগুলোর উত্তর দেওয়ার সময় এই আপডেটগুলোর কথা বলতে পাড়ার জন্য, এটা অনেক কাজে আসে।

Finance ক্যাটাগরিতে Data Safety আর Privacy Policy নিয়ে একটুও ছাড় দিইনি। যা দরকার ছিল না সেই permission রাখিনি, যা declare করার সেটা সৎভাবে করেছি। Finance অ্যাপে এই জায়গায় কোনো ফাঁকি থাকলে Google ধরে ফেলে।

আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা ১২ জন opted-in হওয়ার দিকে শুরু থেকেই নজর রেখেছিলাম। Google ঘড়ি শুরু করে ১২ জন পূর্ণ হওয়ার পর থেকে, Closed Testing খোলার দিন থেকে না। অনেকে এটা না জেনে দুই-তিন দিন নষ্ট করে ফেলেন।


শেষ কথা

৫ বছর Android ডেভেলপমেন্ট এ কাজ করার পরেও এই একটা জিনিস জানতাম না, একা অ্যাপ পাবলিশ করতে গেলে কী প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়। নিজেকে backdated মনে হচ্ছিল, কিন্তু এটাই বাস্তবতা, অনেক অভিজ্ঞ ডেভেলপারও এই ফাঁদে পড়তে পারেন 😁।

একা এই কাজটা করতে গেলে একটু কঠিন লাগে, কেউ গাইড করার নেই। কিন্তু অসম্ভব না, সবচেয়ে বড় শিক্ষা ছিল একটাই, Tester সংখ্যায় না, ব্যবহারে প্রয়োজন।

অ্যাপটা Play Store এ আছে, দেখতে চাইলে নিচে লিঙ্ক দেয়া হলো 👇

Lenden: MFS Finance Tracker